সাঁকরাইলের লাউদহে হাতির তাণ্ডব, আতঙ্কে গ্রামবাসী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ নভেম্বর: সাঁকরাইল–এর লাউদহ অঞ্চলের ঢেরাচাড়া গ্রামে হাতির তাণ্ডব। প্রায় ২৫টি হাতির দল এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে দিন কাটছে এলাকার মানুষের।

ঝাড়গ্রাম জেলা সাঁকরাইল ব্লকের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই বেশ কয়েকদিন ধরে হাতির তাণ্ডব দেখা যাচ্ছে। কখনো হুলাপটি আবার কখনো গ্রামবাসী মিলে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। তবে তাতে সেরকম কোনও লাভ হচ্ছে না সাধারণ মানুষের। খাবারের সন্ধানে জঙ্গল থেকে ফের দল বেঁধে প্রবেশ করছে হাতির দলগুলি। সোমবার ঠিক তেমনই ছবি দেখা গেল লাউদহ অঞ্চলের ঢেরাচাড়া গ্রামে। জানা যায়, ভোর নাগাদ নয়াগ্রামের দিক থেকে নদী পেরিয়ে ঢেরাচাড়া গ্রামে প্রবেশ করে ২০ থেকে ২৫ টি হাতির একটি দল। স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার বাসিন্দারা।

বনদপ্তরে খবর দেওয়া হলেও দেখা মেলেনি কোনও আধিকারিকের। তাই একপ্রকার বাধ্য হয়ে গ্রামবাসীরা মিলে হাতি তাড়ানোর চেষ্টা করেন, তাতে কিছুটা ফল মিললেও চিন্তায় রয়েছে এলাকার মানুষ। কারণ এই দল থেকে একটি হাতি দলছুট হয়ে চাষের জমিতে ঘুরে বেড়াচ্ছে ফলে, নষ্ট হচ্ছে চাষের ফসল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *