দিনে দুপুরে হাতির তান্ডব গোপীবল্লভপুরে

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৫ এপ্রিল: ঝাড়গ্ৰাম জেলায় জঙ্গলের হাতি আর সাধারণ মানুষের সহবস্থান বাড়তে চলেছে। ধারাবাহিক ভাবে কমছে জঙ্গলের পরিসর তার সঙ্গে খাবারের অভাবে প্রায়ই নিয়মিত হাতির দল হানা দিচ্ছে গ্রামীন এলাকায়। জঙ্গলের হাতি লোকালয়ে ঢুকে নষ্ট করছে মাঠের ফসল থেকে মানুষের ঘরবাড়ি সবকিছু। ফলে বিরক্ত হয়ে এলাকাবাসীও অতিষ্ঠ করেন বন্য প্রাণী হাতিকে। সোমবার এরকমই ছবি দেখা গেল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া ৩ অঞ্চলের বাঁধগোড়া এলাকায়।

এদিন দিনের বেলা প্রায় ৫টি হাতির একটি দল এলাকায় তান্ডব চালায়। নষ্ট করে চাষিদের মাঠের ধান থেকে শুরু করে বোরো চাষের একাধিক ফসল। কিন্তু এদিন লোকালয়ের কাছাকাছি হাতি পৌঁছালেও হাতি গুলোকে গাইড করার জন্য কোনও বন দপ্তরের কর্মীর উপস্থিতি ছিল না বলে এলাকার মানুষের অভিযোগ। তাই নিজেদের ফসল বাঁচাতে স্বভাবতই এলাকার মানুষজন হাতিগুলোকে তাড়া করতে থাকেন। বেলা গড়িয়ে দুপুরের রোদ আসতেই হাতিগুলো স্থানীয় কাঠুয়াপাল খালের কাছে একটি সরকারি আম বাগানে আশ্রয় নিয়ে সেখানে প্রচুর আম গাছ নষ্ট করছে। কিন্তু তপসিয়া, বাধগোড়া এলাকার মানুষের মধ্যে একটি চাপা আতঙ্ক কাজ করছে। যদি হাতিগুলো রাতের বেলায় চাষের মাঠ ছেড়ে গ্রামে প্রবেশ করে তাহলে ঘরবাড়ি ভাঙ্গচুর সহ প্রাণহানিও ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *