আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৫ অক্টোবর: জঙ্গলে খাবারের সংটক, বৈকুন্ঠপুর জঙ্গল থেকে জলপাইগুড়ি শহরের লোকালয় মুখি হাতির একটি দল। এই মুহূর্তে শহর লাগোয়া সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বানিয়া পাড়ায় তিস্তা নদীর চরের কাশ বনে হাতির দলটি দাঁড়িয়ে আছে। ঘটনাস্থলে বনদফতর ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গ্রামবাসীদের সচেতন করতে চলছে মাইকিং।
বনদফতর সুত্রে জানা যায়, হাতির দলে প্রায় ৩০টি হাতি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা নদীর চরে ধান সহ অন্যান্য সবজি চাষ করে থাকেন। বিঘার পর বিঘা ধান খেয়ে সাবার করে দিচ্ছে হাতির দল। খাবারের জন্য ধীরে ধীরে এগিয়ে আসছে হাতি। খবর চাউর হতেই হাতি দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় জমাচ্ছেন। যদিও হাতির দলটি নদীর মাঝে কাশ বনে দাঁড়িয়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত সহ বনকর্মীরা।
গ্রামবাসী দিলোয়ার হুসেন বলেন,”অনেক কয়েকটা হাতি দাঁড়িয়ে আছে। আমাদের ফসল খেয়ে দিচ্ছে। লোকালয়ে চলে আসতে পারে সেই ভয়ে আছি।”
বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন, “সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বনকর্মীরা হাতির গতিবিধির উপর নজরদারি করছেন। আমরা সজাগ রয়েছি সব সময়।”

