Elephant, Bankura, বাঁকুড়ার গ্রামে ফের হাতির হামলা, ভাঙ্গল বাড়ি ও গাড়ি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ফেব্রুয়ারি: ফের লোকালয়ে হাতির হামলা বাঁকুড়ার গ্রামে। হাতির হামলায় ভাঙ্গল বাড়ি। বাদ যায়নি গাড়িও। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গতকাল রাতে বাঁকুড়ার সোনামুখী ব্লকের পাথরমোড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, রবিবার রাতে গ্রামে হানা দেয় তিনটি হাতির একটি দল। এই হাতিগুলি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়ে একটি বাড়িতে হামলা চলায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাতির দল ভেঙ্গে গুঁড়িয়ে দেয় বাড়ির একাংশ, বাড়ির প্রাচীরের দু’টি দেওয়াল ও গোয়াল ঘরের একাংশ। এমনকি ভাঙ্গচুর চালায় একটি মোটর বাইকও। হাতির হানার সময় ওই পরিবারের সদস্যরা ঘরের ভিতরেই ছিলেন। তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন।

গ্রামবাসীদের বক্তব্য, অল্পের জন্য প্রাণে বাঁচেন তাঁরা। তাদের অভিযোগ, বারবার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে হাতির দল। কিন্তু নির্বিকার বন দপ্তর। হাতির ভয়ে তাদের আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। হাতির লোকালয়ে চলে আসা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে বন দফতর। খাবারের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল। চাষের জমি ও লোকালয়ে হাতির হানা কিছুতেই আটকানো যাচ্ছে না। যার ফলে জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *