বর্ষবরণের আগের রাতে হাতির হামলা, শালবনিতে মর্মান্তিক পরিণতি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জানুয়ারি: বর্ষবরণের আগের রাতে ফের হাতির হামলায় মৃত্যুর ঘটনা৷ এবার শালবনি থানার জলহরিতে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার রাত সাড়ে ৮ টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গতকাল রাতে চাষীদের আলুর জমিতে হাতি ঢুকে পড়ে। এই খবর জানতে পেরে গ্রামবাসীরা তাড়াতে হাজির হয়েছিল। সেই সময় অন্ধকারে বুঝতে না পেরে হাতির সামনেই চলে গিয়েছিলেন এক ব্যক্তি। হাতি তাকে ধরে শুঁড়ে তুলে আছড়ে পিষ্ট করে মেরে ফেলে আলুর জমিতেই। অনেক পরে তাঁর নিথর দেহ উদ্ধার করে গ্রামবসারীরা৷ খুনের পরেও হাতিটি দাপিয়ে বেড়িয়েছে এলাকায়৷

মৃত ব্যক্তির নাম প্রশান্ত রানা (৪৫)। বাড়ি জলহরি গ্রামেই। স্থানীয়রা জানিয়েছে,  একটি দলছুট হাতি ওই গ্রামের আলু জমিতে নেমে পড়ে সন্ধ্যা বেলা। খেয়ে পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে অনেক জমির ফসল। গ্রামবাসীদের অনেকেই ফসল বাঁচাতে বেরিয়েছিলেন। সেই সময় প্রশান্তও গিয়েছিলেন হাতি তাড়াতে। অন্ধকারে হাতির অবস্থান সঠিক বুঝতে না পেরে গ্রামবাসীরা একটা সময় হাতির সামনে হাজির হয়ে গিয়েছিল৷ ওই সময় হাতি উল্টে মানুষজনকে তাড়া করলে অন্যান্যরা পালাতে সক্ষম হলেও প্রশান্ত পড়ে যায়। তাকে শুঁড়ে ধরে মাটিতে আছড়ে মেরে ফেলে হাতি৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর যায় স্থানীয় বনদপ্তরে। হাতির হানায় মৃত্যু ছাড়াও কয়েক দিন আগে দলছুট দাঁতালের হানায় বাড়ি ভাঙ্গার ঘটনায় ক্ষিপ্ত মানুষজন। ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে পিড়াকাটা পুলিশ ফাঁড়িতেও খবর দেওয়া হয় বন দফতর থেকে। গ্রামবাসীদের সহযোগিতায় পুলিশ ও বনদফতর দেহ উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন বনকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *