আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ মে: পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের ১৮ এপ্রিল ২০২৩-এ প্রকাশিত ট্যারিফ অর্ডারে গ্রাহকদের ডিস -কানেকশন ও রি-কানেকশন চার্জ ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। গৃহস্থ গ্রাহকদের এই চার্জ ১০০ টাকা থেকে ৫০০ টাকা করা হয়েছে।

এই চার্জ বৃদ্ধির প্রতিবাদে এবং ফিক্সড চার্জ নেওয়া বন্ধ, মিনিমাম চার্জ প্রায় তিনগুণ করা সহ স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ ২৩ মে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তমলুকের রিজিওনাল ম্যানেজারের অফিসে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ দাস, শঙ্কর মালাকার, তাপস মন্ডল, সঞ্জিত মাইতি প্রমুখ।

বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ সভায় বক্তারা অভিযোগ করেন, ডিসকানেকশন- রিকানেকশন চার্জ ছাড়াও সাধারণ গৃহস্থ গ্ৰাহকদের মিনিমাম চার্জ ২৮ টাকা থেকে ৭৫ টাকা, বাণিজ্যিক গ্রাহকদের ৪০ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা, কৃষি গ্রাহকদের জিরো থেকে বাড়িয়ে ৭৫ টাকা, ক্ষুদ্র শিল্প গ্রাহকদের জিরো থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। এই বর্ধিত চার্জ প্রত্যাহার না করা হলে জেলাজুড়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে নেতৃবৃন্দ জানান।
রিজিওনাল ম্যানেজার স্মারকলিপি গ্রহণ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন।

