হলদিয়ার চৈতন্যপুর কাস্টমার কেয়ার সেন্টারে বিক্ষোভ বিদ্যুৎ গ্রাহকদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ জুলাই: পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশে ২০২৩-২৪ সালের ট্যারিফ অনুযায়ী গৃহস্থ, বাণিজ্যিক, কৃষি, ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ফিক্সড চার্জ দ্বিগুণ, মিনিমাম চার্জ তিনগুন করা হয়েছে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের চৈতন্যপুর শাখা ও হলদিয়া মহকুমা হাস্কিং-বাণীমিল ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্দোগে আজ চৈতন্যপুর কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারের কাছে বিক্ষোভ দেখায় বিদ্যুৎ গ্রাহকরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন অশোক হাজরা, প্রদ্যুত দাস, নারায়ণ প্রামানিক প্রমুখ।

অ্যাবেকার পূর্ব মেদিনীপুর জেলার মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন, গৃহস্থ গ্রাহকদের মিনিমাম চার্জ আগে ছিল ২৮ টাকা প্রতি কে.ভি.এ.। যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা কে.ভি.এ.। একইভাবে ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ক্ষেত্রে আগে ছিল ৪৪ টাকা, যা বর্তমানে হয়েছে ২০০ টাকা। বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে আগে ছিল ৪০ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকায়। গ্রাহক স্বার্থ বিরোধী এই নীতির বিরুদ্ধে সর্বস্তরের গ্রাহকদের আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানান নারায়ণবাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *