শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটির তার বেরিয়ে, বিপদের সম্ভাবনায় ভয় পাচ্ছে শহরবাসী

আমাদের ভারত, বর্ধমান, ৩০ সেপ্টেম্বর: মাঝেমধ্যেই নিম্নচাপের জেরে চলছে বৃষ্টিপাত। এরই মধ্যে চলছে পুজোর কেনাকাটা। অথচ বর্ধমান শহরের বেশ কিছু এলাকায় খোলা অবস্থায় রয়েছে ইলেকট্রিকের তার। যে কোনও মুহূর্তে বড়োসড়ো বিপদ ঘটতে পারে এমনটাই মনে করছে বর্ধমানবাসী।

ইতিমধ্যেই জলমগ্ন কলকাতা ও আশেপাশের এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। ফলে বাজারে কেনাকাটা করতে গিয়ে রাস্তায় এইভাবে ইলেকট্রনিকের তার দেখে শিউরে উঠছেন মানুষজন।

বর্ধমান শহরের বিভিন্ন রাস্তার ধারে বেশিরভাগ বাতিস্তম্ভের অবস্থাই খারাপ। এমনকি বাতিস্তম্ভ লাগোয়া যে ইলেকট্রিকের বক্স লাগানো আছে তার বেশিরভাগেরই ঢাকনা খোলা অবস্থায় পড়ে আছে। সেই বক্স থেকে বেরিয়ে আছে ইলেকট্রিকের তার। ফলে মাঝেমধ্যেই বৃষ্টির জেরে যখন শহর জলমগ্ন হয়ে পড়ছে সেই সময়েই বিপদের সম্ভাবনা বেশি আছে এমনটাই বলছেন শহরবাসী। তাদের মতে এত দিন ধরে বর্ধমান পুরসভার পুরবোর্ড না থাকায় পুরসভার অধীনে থাকা লাইট পোস্টগুলি ভয়ংকর অবস্থায় পড়ে আছে। তাই পুরসভার উচিত দ্রুততার সঙ্গে সেই লাইটপোস্টগুলি মেরামত করা।

স্থানীয় বাসিন্দা পরীক্ষিত বিশ্বাস বলেন, যেভাবে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে তার গুলি খোলা অবস্থায় পড়ে আছে তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের উচিত বিষয়টায় নজর দেওয়া।

বর্ধমান পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় কাজ শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *