স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ মে:
রাত পোহালেই ভোট গণনা। আগামী দিন এ রাজ্যে বিধানসভার একুশের ফলাফল। নির্বাচনে জিতে কে সরকার গড়বে আর কে বিরোধী হবে। তার চূড়ান্ত ফল প্রকাশ পাবে আগামী দিন। তার আগে গণনার তৎপরতায় নির্বাচন কমিশন। রানাঘাট কলেজে রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ ও শান্তিপুর এই পাঁচটি কেন্দ্রের গণনা হবে। কোভিড বিধিকে গুরুত্ব দিয়ে সেই ভাবে সাজানো হচ্ছে পরিকাঠামো।

পাশাপাশি নজর রাখা হচ্ছে গণনা কেন্দ্রে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে কিভাবে সামাল দেয়া হবে। বিশেষ করে গণনা চলাকালীন প্রতি রাউন্ডের যখন ফল প্রকাশ পাবে তখন উন্মাদনা ও অসন্তোষের কারণে যেন কোনও ভিড় উত্তেজনা বা গন্ডগোলের সৃষ্টি না হয় তার জন্য গণনা কেন্দ্র থেকে নিরাপদ দূরত্বে বেশ কটি ভাগে বাঁশেড ব্যারিকেট করা হয়। যাতে কোনও দলের সমর্থকরা ভিড় না জমাতে পারে। তৈরি করা হয় অস্থায়ী বাসের চেকপোস্ট। সব মিলিয়ে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততার ও চুড়ান্ত প্রস্তুতি। বাংলায় সরকার গড়বে কে তার অপেক্ষা আগামী দিনের।

