বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ হলো নির্বাচনী আইন সংশোধনী বিল, নয়া আইনে ভোটার আধার সংযুক্তিকরণ হবে

আমাদের ভারত,২০ ডিসেম্বর:নির্বাচনে সংস্কারে বড় পদক্ষেপ নিল মোদী সরকার। বিরোধীদের আপত্তি সত্ত্বেও ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়ে গেল নির্বাচনী আইন সংশোধনী বিল ২০২১। নয়া আইনে ভোটার পরিচয় পত্রের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আইনত হবে।

সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজেজু নির্বাচনী আইন সংশোধনী বিল ২০২১ পেশ করেন লোকসভায়। প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে আসছে বিরোধী দলগুলি। এদিন কংগ্রেস, মিম, বিএসপি সহ বেশ কয়েকটি দল ভোটার আধার সংযুক্তিকরণ বিলের বিষয়ে আপত্তি তোলে। বিরোধীদের বক্তব্য এর ফলে নাগরিকদের অধিকার খর্ব হবে। তাদের দাবি এর ফলে ব্যক্তির গোপনীয়তায় হস্তক্ষেপ করা হবে এই নয়া বিল সুযোগ নিয়ে।

বিরোধী দলের নেতারা বিলটি ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজেজু পাল্টা যুক্তি দিয়ে বলেন, ভুয়া ভোটার চিহ্নিত করতে ও নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে এই আইন সংশোধন কার্যকরী হবে।

কিন্তু রিজেজুর কথা মানতে চায়নি বিরোধীরা। তারা নির্বাচনী আইন সংশোধনী বিলটিকে সংসদের সিলেট কমিটিতে পাঠানো দাবিতে সরব হয়েছিলেন। তবে তাদের বিরোধিতা সত্ত্বেও বিলটি পাশ হয়। এবার বিলটি রাজ্যসভায় পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *