পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হল শনিবার। এদিন বিকেলে সংগঠনের জেলা দপ্তর গোলোকপতি ভবনে অনুষ্ঠিত একটি সাংগঠনিক ঘরোয়া সভায় এই নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের গঠনতন্ত্র মেনে জেলা সম্মেলন শেষ হবার এক মাসের মধ্যে নবনির্বাচিত জেলা কার্যকরী কমিটির প্রথম সভায় এই নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। বিদায়ী জেলা সম্পাদক বিপদতারণ ঘোষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের জেলা সম্পাদক হিসেবে জগন্নাথ খান, সভাপতি হিসেবে মৃণাল কান্তি নন্দ এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রভাস ভট্টাচার্য নির্বাচিত হন। এঁরা সহ জেলা সম্পাদক মন্ডলীতে নির্বাচিত হন তুলসী মাইতি, শ্রীবাস জানা, সোনালী সিংহ, সুমন ঘোষ, দিলীপ সাউ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ ও ২৭ নভেম্বর মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে সংগঠনের দশম ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দিয়েছিলেন সংগঠনের ৩ টি মহকুমা শাখার প্রতিনিধিরা। সম্মেলনের উদ্বোধন করেছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুকুমার পাইন।

