পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শালবনী বিধানসভা কেন্দ্রজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাতো। শনিবার তিনি শালবনী ৩ নম্বর অঞ্চলের অন্তর্গত বনমালীপুর ও মিরগা বুথ এলাকায় ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করেন।

এদিন সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শ্রীকান্ত মাহাতো। এলাকার উন্নয়ন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথাও মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন।

প্রচারের সময় উপস্থিত জনতার মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা পাওয়ার কথা উল্লেখ করে শ্রীকান্ত মাহাতোর প্রতি সমর্থন জানান। মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

শ্রীকান্ত মাহাতো জানান, “মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই আমরা এগিয়ে চলেছি। শালবনীর সার্বিক উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
দলীয় সূত্রে জানাগেছে, আগামী দিনগুলিতেও শালবনী বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এভাবেই ধারাবাহিকভাবে প্রচার চালানো হবে। নির্বাচনের আগে শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে যেতে মরিয়া তৃণমূল নেতৃত্ব।

