সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে মারধর, অশোকনগরে আত্মঘাতী মা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ নভেম্বর: সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর করে ছোট ছেলে। অপমানে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন মা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার ৬ নম্বর ওয়ার্ডের কল্পতরু ক্লাবে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম বিনা উন্ডু ( ৮২)।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ছোট ছেলে বৃদ্ধা মাকে নিয়েই থাকত। আরও দুই ভাই আলাদা থাকে। দীর্ঘ দিন ধরে মায়ের সঙ্গে জমি জায়গা নিয়ে ছোট ছেলে গৌরের সঙ্গে ঝামেলা। এর আগেও মাকে মারধর করার অভিযোগে গৌরকে গ্রেফতার করে পুলিশ। পরে মা গিয়েই তাকে জামিনে ছাড়িয়ে আনে। ফের শুক্রবার থেকে জমি বিক্রি করার জন্য মাকে চাপ দেয় ছোট ছেলে গৌড়। শনিবার সকালে অশান্তি চরমে ওঠে। মা জমি বিক্রি করতে অস্বীকার করায় মাকে বেধড়ক মারধর করে গৌড়। প্রতিবেশীরা বাধা দিতে গেলে তাদের উপরে চড়াও হয় ছেলে। এরপরই মা বিনাদেবী ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা কিছু জানার আগেই আগুনে ঝলসে যায় বিনাদেবীর শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের।

এরপর প্রতিবেশীরা অশোকনগর থানায় খবর দেয়।
ঘটনাস্থলে পুলিশ আসার আগেই অভিযুক্ত ছেলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠিয়ে দেয়। ময়নাতদন্তের রিপোর্টের পরেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ। এই ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *