সাথী দাস, পুরুলিয়া, ১৮ জুলাই: রেল পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল বৃদ্ধর। আজ সকালে পুরুলিয়া রেল স্টেশনে পুরী- নিউ দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনটি ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা ৮০ বছরের বৃদ্ধ সুনীল বাড়লা হঠাৎই পা ফসকে নীচে পড়ে যান। এরপরই ঘটনাস্থলে কর্মরত রেল পুলিশ কার্তিক প্রামানিকের নজরে পড়ে বিষয়টি। রেল লাইনের নিচে পড়ে যাওয়ার আগেই তৎপরতার সঙ্গে তড়িঘড়ি উদ্ধার করেন ওই বৃদ্ধ যাত্রীকে।

জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই বৃদ্ধর বাড়ি জামসেদপুরে। ভুলবশত পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছিলেন তিনি। ট্রেন ছাড়ার সময় তড়িঘড়ি ট্রেন থেকে নিচে নামতেই ঘটে যায় এই বিপত্তি। আপাতত সুস্থ রয়েছেন ওই বৃদ্ধ। পরে তিনি তাঁর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।


