লেবেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ফেব্রুয়ারি: মঙ্গলবার ভোরে বন্ধ থাকা লেবেল ক্রসিং টপকে পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর হাওড়া শাখার বালিচক স্টেশনে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধের নাম ভোলানাথ সুর(৬০)। বাড়ি বালিচক সংলগ্ন গোটগেড়িয়া এলাকায়।ভোর সাড়ে চারটে নাগাদ লেবেল ক্রসিং পার হওয়ার সময় একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বৃদ্ধার দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোর বেলায় বালিচক বিডিও অফিসের দিক থেকে বালিচক বাজারের দিকে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। সেই সময় খড়্গপুরের দিক থেকে এক্সপ্রেস ট্রেনটি আসার জন্য লেবেল ক্রসিং পুরোপুরি বন্ধই ছিল। কিন্তু ওই বৃদ্ধ গেট ডিঙিয়ে অন্যমনস্ক ভাবে রেললাইন পার হচ্ছিলেন। ট্রেনটি জোরে হর্ণ দিলেও বৃদ্ধের খেয়ালই ছিল না। মুহূর্তের মধ্যেই এক্সপ্রেস ট্রেনটি সজোরে ধাক্কা মারে বৃদ্ধকে। অনেকটা ওপরে উঠে গিয়ে ছিটকে পড়ে বৃদ্ধ এবং তার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। লেবেল ক্রসিংয়ের দু’পাশে দাঁড়িয়ে থাকা অপেক্ষমান পথচারীদের চোখের সামনেই ছিন্নভিন্ন হয়ে যায় বৃদ্ধের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। ডেবরা থানার পুলিশের সহায়তায় দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *