শালিকা ও তাঁর মেয়েকে কুপিয়ে আত্মহত্যা বৃদ্ধ জামাইবাবুর, চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায়

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৮ মার্চ:
সম্পত্তিগত বিবাবাদের জেরে শালিকা ও তাঁর মেয়েকে কুপিয়ে খুনের চেষ্টা করে ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল বৃদ্ধ জামাইবাবু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোবরডাঙা থানার অন্তর্গত দুই নম্বর কলোনি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাইবাবু দুলাল কৃষ্ণ দের সাথে শালিকার পরিবারের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ কুড়ি বছর ধরে অশান্তি চলছিল। শনিবার সন্ধ্যায় অশান্তি চরম আকার পৌঁছালে জামাইবাবু দুলাল কৃষ্ণ দে তাঁর শালিকা অনিমা দে এবং তার মেয়ে তনুশ্রী দে’কে ধারালো একটি দা দিয়ে এলোপাথাড়ি কোপায়। রক্তাক্ত অবস্থায় দুজনকে স্থানীয় লোকজন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসার পর ওই দুজনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করে দেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এই মুহূর্তে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন দুজন।

এদিকে শনিবার রাতেই অভিযুক্ত জামাইবাবু গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন রেল লাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে গভীর রাতে বনগাঁ জিআরপি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় ব্যবহৃত দাটি উদ্ধার করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। সঙ্গে রাখা একটি কাগজে লেখা ছিল, ঘরে তিনটি চিঠি রাখা আছে। পুলিশ চিঠিগুলি উদ্ধার করেছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোবরডাঙা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *