রাজেন রায়, কলকাতা, ৩১ ডিসেম্বর: ২০২০-র করোনা সংক্রমণের অভিশাপ ভুলে গিয়ে গোটা শহর এখন বর্ষবরণে মত্ত। সকলে নিজের নিজের ক্ষেত্রে নতুনভাবে শুরু করতে চান। এমনকি নতুন বছরের রাজনৈতিক পারদ যে যথেষ্ট উর্ধ্বসীমা ছাড়াবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতিতে গোটা উত্তর কলকাতাজুড়ে দেখা গেল এক বিশেষ পোস্টার। যেখানে লেখা রয়েছে, ‘একুশে বদল হবে না।’
প্রাথমিকভাবে পোস্টার দেখে অনেকেই ভেবেছিলেন, রাজনৈতিক উত্তাপ বজায় রাখতে কোনও তৃণমূল কর্মী লাগিয়েছেন এমন পোস্টার। কিন্তু একটু নিচের দিকে তাকালেই দেখা যাচ্ছে, লেখা রয়েছে টালা পার্ক প্রত্যয়, যারা দুর্গা পুজোর আয়োজন করেন। কিন্তু দুর্গাপুজোর সঙ্গে রাজনীতির কি সমীকরণ? সমস্ত চাপান-উতোরকে বুড়ো আঙুল দেখিয়ে পোস্টারেই রহস্যভেদ! ক্যাপশনের নীচেই, খুদে হরফে লেখা আছে শিল্পী সুশান্ত পাল।ক্লাবের নাম টালা পার্ক প্রত্যয়। আসন্ন একুশের দুর্গাপুজোর পরিকল্পনা এখন থেকেই শুরু করে দিয়েছে বড় বড় পুজো কমিটিগুলি। সেই পরিকল্পনামাফিকই বছর শেষের ঠিক আগেই গোটা শহর ছেয়ে গেল টালা পার্ক প্রত্যয়ের এই শারদীয়ার পোস্টারে।
সংশ্লিষ্ট পুজো কমিটি সূত্রে খবর, পুজো-পোস্টারের এখন বিশেষ কোনও সময় নেই। করোনা আবহে দুর্গাপুজো ঠিক ভাবে হয়নি। তাই নতুন বছর থেকেই পুজো নিয়ে কোমর বেঁধে নেমেছেন কর্মকর্তারা। গত বছরের শিল্পী সুশান্ত পালের হাত ধরেই নয়া অবতারে আসতে চলেছে টালা পার্কের পুজো। যেহেতু শিল্পীর বদল হয়নি, তাই পোস্টারেও লেখা, ‘একুশে বদল হবে না।’ নতুন ধরনের এই পোস্টার যে শহরবাসীকে অন্য রকম বিনোদন দেবে, সে বিষয়ে নিশ্চিত সংশ্লিষ্ট পূজা কমিটি।

