সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৭ নভেম্বর: ঘরের চারিদিকে দাউদাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকে আশপাশের প্রতিবেশীদের চিৎকার। সেই জ্বলন্ত ঘর থেকে দেড় বছরের বয়সী ভাইকে উদ্ধার করল আট বছরের দিদি। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার কালোপুর রেলগেট চত্বরে। খবর পেয়ে ঘটনা স্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনী আসার আগেই গোটা বাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, আটবাছরের বালিকা দেড় বছরের ভাইকে নিয়ে টিনের চালার ঘরে ঘুমাচ্ছিল। বাবা দিনমজুর প্রতিদিনের মত সকালেই বেরিয়ে যান কাজে। মা দুলালি হালদার একরতি ছেলে মেয়েকে ঘরে রেখে পাশের পাড়ায় ঘুঁটে বিক্রি করতে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ ঘরে ভয়াবহ আগুন লাগে। প্রতিবেশীরা জানিয়েছেন, অল্প ধোঁয়া উঠতে দেখে অনেকেই ভেবে ছিলেন কাঠের উনুনে রান্না করছে। তাই সেই ভাবে কেউ গুরুত্ব দেয়নি। আগুনের শিখা যখন দাউদাউ করে জ্বলতে দেখে, তখনই প্রতিবেশীরা ছুটে এসে চিৎকার করে। সেই চিৎকারে ঘুম ভাঙে দিদির। এরপর ভাইকে বুকে নিয়ে একটি চাদর গায়ে জড়িয়ে আগুনের মধ্যে থেকে ভাইকে উদ্ধার করে বাইরে বেরিয়ে আসে দিদি।

মা দুলালি হালদার জানিয়েছেন, প্রতিবেশীদের কাছে খবর পেলাম ঘরে আগুন লেগেছে। ছুটে এসে দেখি ঘরের সব কিছু পুড়ে ছাই। আকাশের নিচে দিন কাটাতে হবে। খবর পেয়ে ছুটে আসে পঞ্চায়েত প্রধান মুক্তি সরকার, তিনি বলেন ওই অসহায় পরিবারের পাশে আমরা আছি। তাঁদের সাহায্যের জন্য পঞ্চায়েত থেকে যা যা করার দরকার করব। তবে ওই এক রত্তি মেয়ের সাহস ও বুদ্ধির পরিচয় দিয়ে নিজের ভাইকে ও নিজে যে ভাবে প্রাণে বেঁচেছে তাঁর প্রশংসায় পঞ্চমুখ গোটা এলাকার মানুষ। দমকল বাহিনী জানিয়েছে কীভাবে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষ।

