রাজেন রায় কলকাতা ১৬ মার্চ: সারা বছর কোনও তদন্তের অগ্রগতি নেই। আচমকা ভোট এসে যাওয়ার পরেই একের পর এক নোটিস পাঠানো হচ্ছে তৃণমূলের বিভিন্ন নেতা এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের। বাঁকুড়া শালতোড়ায় এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিশ পাঠাল ইডি। এই ঘটনায় ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বাঁকুড়ার শালতোড়ার সভায় তৃণমূল সুপ্রিমো বলেন, ‘স্বরাষ্ট্রসচিবকে কিছুক্ষণ আগে নোটিশ পাঠানো হয়েছে। কেন সরকারি কর্মচারিদের হেনস্থা করা হবে, কেন রাজনৈতিক কর্মীদের হেনস্থা করা হবে?’ মেট্রো ডেয়ারি মামলায় হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
এদিন শাহকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হোম মিনিস্টার দেশ চালাবেন। তা না করে কলকাতায় বসে চক্রান্ত করছেন, কোথায় কাকে গ্রেফতার করা হবে। শিল্পপতিদের ঘরে ঘরে রেইড করা হচ্ছে। কী ভাবেন অমিত শাহ নিজেকে?’
উল্লেখ্য, আইকোর চিটফান্ড কাণ্ডে শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে সিবিআই। নির্বাচনের মুখে ইডি’র নোটিশের মুখে মদন মিত্রও। সারদাকাণ্ডে ২ হাজার ৪৫৯ কোটি টাকার আর্থিক তছরুপের মামলার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছে ইডি। এর আগে সারদাকাণ্ডে ২১ মাস জেলে ছিলেন তিনি। বিধানসভা ভোটে কামারহাটি থেকে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মদন মিত্র। সম্প্রতি সারদাকাণ্ডে কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি। সোমবার সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কুণাল ঘোষকে তলব করেছিল ইডি। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, চিটফান্ড সংস্থা সারদার কাছ থেকে পাওয়া সমস্ত টাকাই ফেরত দিতে চান। চিত্রশিল্পী শুভাপ্রসন্নকেও তলব করেছে ইডি। আর এর পেছনে বিজেপির গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তৃণমূল নেতারা।

