পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের স্কুল বিসিএম মেমোরিয়াল ইন্টারন্যাশনালে হানা ইডি আধিকারিকদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
১৪ সেপ্টেম্বর: পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের স্কুল বিসিএম মেমোরিয়াল ইন্টারন্যাশনালে হানা দিল ইডি আধিকারিকরা। রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে গড়ে ওঠেছিল এই ইংলিশ মিডিয়াম স্কুল। আজ বিকেলে পশ্চিম মেদিনীপুরের পিংলার গোপীনাথপুর (খিরীন্দা মৌজা) এলাকায় অবস্থিত এই স্কুলে ইডির চার সদস্যের তদন্তকারী দল এসে পৌঁছয়। এই স্কুলের মালিক পার্থ বাবুর প্রবাসী জামাই কল্যাণ ভট্টাচার্য আর স্কুলটির দেখাশোনার দায়িত্বে আছেন তাঁর মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী।

উল্লেখ্য, গত ২২ জুলাই (পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জির গ্রেপ্তারির দিনে) এই কৃষ্ণপ্রসাদের খিরিন্দার বাড়িতে কেন্দ্রীয় আয়কর দপ্তরের ৫ জনের প্রতিনিধি দল হানা দিয়েছিল। সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত তল্লাশি চালিয়ে প্রচুর ফাইল ও কাগজপত্র নিয়ে গিয়েছিলেন তাঁরা।

প্রসঙ্গত, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতেই পিংলার এই বাড়িতে ২২ জুলাই এসেছিলেন কেন্দ্রীয় আয়কর বিভাগের প্রতিনিধিরা। আজও প্রতিনিধিরা স্কুলের ভেতরে প্রবেশ করে স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করে চালানো হয় তল্লাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *