“ইডি, সিবিআইয়ের নজরে টলিউড,” পুরুলিয়ায় বিস্ফোরক রাহুল সিনহা

সাথী দাস, পুরুলিয়া, ২৩ মার্চ: টলিউড নিয়ে বিস্ফোরক বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা। পুরুলিয়ায় একটি মামলায় হাজিরা দিয়ে আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি বলেন, “রাজ্যে যত দুর্নীতি আছে সব টলিউডের একটা অংশের সঙ্গে যোগাযোগ আছে। তার কারণ, দুর্নীতির যতো কালো টাকা লুকোনোর সবচেয়ে সহজ জায়গা হচ্ছে সিনেমা। আর সিনেমার মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করার প্রচেষ্টা হয়। কোটি কোটি টাকা হাওলার মাধ্যমে বিদেশে যায়। টাকা টলিউডে বিনিয়োগ হয়। ইডি, সিবিআইয়ের নজরে টলিউড আছে। যাঁরা যাঁরা এই দুর্নীতিতে যুক্ত তাঁরা সবাই এই তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হবেন।” এই দাবি করে তিনি কার্যত টলিউড ইন্ডাস্ট্রিতে আলোড়ন ফেলার চেষ্টা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

আজ পুরুলিয়ার একটি মামলায় জামিন পেলেন রাহুল সিনহা। পুরুলিয়া জেলা আদালতে তিনি আসেন। হাজিরা দেন বিচারকের কাছে। তারপরই তিনি জামিন পান। ২০১৮ সালে পুরুলিয়ায় এক বিজেপি নেতার রহস্য মৃতুর ঘটনার প্রতিবাদে পুরুলিয়া জেলাশাসক দফতরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন রাহুল সিনহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সেই ঘটনায় রাহুল সিনহার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। সেই মামলায় আজ জামিন পেলেন রাহুল সিনহা। আদালত চত্বরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে প্রতিক্রিয়া দেন তিনি। এদিন বিজেপি বিরোধী ঐক্য নিয়ে পরিহাস করেন রাহুল। বিজেপি বিরোধীদের ঐক্য নেই বলে দাবি করেন। তিনি বলেন, কংগ্রেস ও তার সঙ্গে থাকা দলগুলি একটা পথে চলছে, মমতা অখিলেশ অন্য মুভমেন্ট চালাচ্ছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি দিয়ে মোদীজির পাহাড় সম শক্তিকে নড়াতেও পারবে না। এই রাজ্যেও তৃণমূলের শক্তি ক্রমেই কমে এসেছে। গোয়া, ত্রিপুরা থেকে শূন্য হাতে ফিরে এসেছে।”

এদিন তৃণমূলকে নিশানা করেই পরিহাস করেন রাহুল সিনহা। তিনি বলেন, “রাজনীতির ভালো বাজারে সবাই দায়িত্ব নিতে পারেন। তৃণমূলের এখন বাজার খারাপ। বীরভূমে যিনিই দায়িত্ব নিয়েছেন রসগোল্লা পাবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *