ভারতবর্ষের বর্তমান সময় নিয়ে দুশ্চিন্তা প্রকাশ অর্থনীতিবিদ কৌশিক বসুর

সাথী দাস, পুরুলিয়া, ১২ জানুয়ারী: বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক কৌশিক বসু। স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মতিথি উপলক্ষে পুরুলিয়ার ডুঁড়কু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এখানে স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। তার কাছে স্বামীজীর প্রভাব বিরাট বলে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন।

নিজের আমেরিকা যাবার কথা বলতে গিয়ে তিনি বলেন, নিউইয়র্ক শহরে গিয়ে তিনি জানতে পারেন তিনি যেখানে ছিলেন সেই পথেই এক সময় একটি ঘরে ছিলেন স্বয়ং স্বামীজী। একথা জেনে শিহরিত হয়েছিলেন তিনি। পরবর্তীকালে তিনি স্বামীজী ঠিক কোথায় ছিলেন তা অনুসন্ধান করেছিলেন। ছাত্রছাত্রীদের স্বামীজীর আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “সব সময় ভেতরে রাখবে, নিজের উন্নতির চাইতেও একটা বড় উন্নতি, দেশের উন্নতি, পৃথিবীর উন্নতি, যেখানে মানুষ কষ্ট পাচ্ছে সেখানে তাদের কাছে আমরা আমাদের চিন্তাধারা, কাজ পৌছে দিতে পারি।” এসময় তিনি নিজের জীবনের একটি উদাহরণ দিয়ে ইউপিএ সরকারের সময় তার মুখ্য অর্থনৈতিক উপদেষ্ঠা হওয়ার কথা বলেন। ৭ অগাস্ট ২০০৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দফতর থেকে তাকে ফোন করে এই পদ নেবার প্রস্তাব দেওয়া হয়।

সেই দিনের কথা স্মরণ করে অধ্যাপক কৌশিক বসু বলেন, তার পরের দিনই তার মার্কিন যুক্তরাষ্ট্র যাবার কথা ছিল। এরমধ্যেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নেবার কথা বলেন। সেই সময় তাকে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেবার স্বাধীনতা তাকে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশের জন্য সব থেকে ভালো ধারণাগুলি নিয়ে আসার জন্য তাকে সুযোগ দিয়েছিলেন তিনি। মানুষ চেষ্টা করলে সব সম্ভব বলে ছাত্রছাত্রীদের উজ্জীবিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *