যাদবপুরের ইসি বৈঠকে ‘না’ রাজ্যের, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি আবুটা-র

আমাদের ভারত, ২৩ নভেম্বর: ফের যাদবপুরের ইসি বৈঠকে নিষেধাজ্ঞা আরোপ করল রাজ্য। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাল সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)।

আবুটা-র যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক দেবব্রত বেরা বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ”রাজ্য সরকারের শিক্ষা দফতর আজ একটি বিজ্ঞপ্তি জারি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন বার্ষিক সমাবর্তন এবং বার্ষিক বাজেট বিষয়ে ২৪ নভেম্বরের ইসি মিটিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ে এক অভূতপূর্ব সংকট তৈরি হল।

বিশ্ববিদ্যালয় আইন অনুসারে ইসি ও কোর্ট-এর বৈঠকে সমাবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করতে হয়। বাজেট সংক্রান্ত বিষয়ও ইসি ও কোর্ট-এর বৈঠকে পাস করিয়ে সরকারের কাছে আর্থিক অনুমোদনের জন্য পাঠাতে হয়। সরকারি নির্দেশের পরিণতিতে সমাবর্তন না হলে ছাত্রদের ডিগ্রি অনুষ্ঠানিকভাবে প্রদান করা যাবে না।

একইভাবে বাজেট পাস না হলে কর্মীদের বেতন-সহ অন্যান্য খাতে আর্থিক অনুদান বন্ধ হয়ে যেতে পারে। আমরা অগণতান্ত্রিক ও ছাত্র স্বার্থ বিরোধী এই সরকারি নির্দেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

আমাদের দাবি, সরকার এই অভূতপূর্ব সংকট থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার জন্য অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ নিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *