“দিনে কলাপাতায় খায় আর রাতে পাঁচতারা হোটেলে আনন্দ করে”, ঘাটালে বিজেপি নেতাদের উদ্দেশ্যে বললেন অভিষেক

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে তৃণমূল কংগ্রেসের প্রথম রাজনৈতিক কর্মসূচি হল ২৭ ফেব্রুয়ারি শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো’র মাধ্যমে। সাংসদ এবং তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দোপাধ্যায় দিদির দূত লেখা গাড়িতে করে রোড শো করেন। নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল ঘাটালকে। দুপুর ১টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয় যানবাহন। এদিন ঘাটালে রোড শো’কে ঘিরে জনসমুদ্র দেখা গেল।

রোড শো’র শেষে ঘাটালের বিবেকানন্দ মোড়ে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি নেতারা দিনে কলাপাতায় খায় আর রাতে পাঁচতারা হোটেলে আনন্দ করে, মস্তি করে। মেদিনীপুর কারো পৈত্রিক সম্পত্তি নয়, মেদিনীপুর আপনাদের। ঘাটাল আপনাদের। তিনি বিধানসভা নির্বাচনে জেলার প্রতিটি কেন্দ্রে বিজেপিকে হারানোর ডাক দেন। তিনি প্রতিটি কেন্দ্রে বিজেপি শূন্য করার কথা বলেন। শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন, বিশ্বাসঘাতকদের স্থান নেই বাংলায়। বিশ্বাসঘাতকদের স্থান মেদিনীপুরে নেই। আগামী পাঁচ বছর বিজেপির টিকি খুঁজে পাওয়া যাবে না। মেদিনীপুরের মত সংগ্রামী জেলায় বিশ্বাসঘাতকদের কোনও মাটি নেই। তিনি আরও বলেন, বিজেপির কোনও সংস্কৃতি নেই। ওরা রবীন্দ্রনাথকে নিয়ে ভুল তথ্য প্রচার করে। তিনি বাংলার বিভিন্ন উন্নয়নের কথা বলেন। আগামী নির্বাচনে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বলে জানান অভিষেক ব্যানার্জি। তিনি প্রয়োজনে ঘাটালে আসবেন বলে কথা দেন এবং কর্মীদের সবুজ আবির কিনে রাখতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *