আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ জুন: ঘূর্ণিঝড়ে মাথার ছাদ হারানো অসহায় মানুষ থেকে, না খেতে পাওয়া মানুষদের পাশে দাঁড়াল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ৷ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে টোল ফ্রি নাম্বার ৮০১৬০৮০১৬০ দিয়ে বিভিন্ন এলাকায় ব্যানার লাগানো হয় অসহায় মানুষদের সাহায্যের উদ্দেশ্যে। সেই টোল ফ্রি নাম্বারে যে সমস্ত মানুষেরা ফোন করেছিলেন সেই সমস্ত অসহায় মানুষদের জন্য সাহায্য নিয়ে গেলেন পূর্ব মেদিনীপুর জেলার এসডিপিও অতিশ বিশ্বাস সহ তমলুক থানার আইসি সুমিত ভট্টাচার্য এবং পুলিশ কর্মীরা।

তমলুক থানার নদীর তীরবর্তী ধলহরা গ্রামের চন্দ্রামেড় এলাকায় বেশকিছু পরিবার নদীর জলোচ্ছ্বাসে ডুবে গিয়েছিল সেই সমস্ত বাড়ির অসহায় মানুষরা ফোন করে তাদের সমস্যার কথা জানিয়েছিলেন টোল ফ্রি নাম্বারে। আর মঙ্গলবার সকালে সেই সমস্ত বাড়িগুলিতে ত্রাণ পৌঁছে যাওয়ায় প্রাথমিক ভাবে খুশি অসহায় পরিবারগুলি। এই ধরনের কর্মসূচি শুধু আজ নয় বেশ কিছুদিন ধরে চলবে, এবং অসহায় মানুষদের কোনও সমস্যা হলেই সব সময় পাশে থাকবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এমনটাই জানান এসডিপিও অতীশ বিশ্বাস।


