প্রথম দফার ভোটের প্রস্তুতিতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলাপ্রশাসন

আমাদের ভারত, কাঁথি, ২৬ মার্চ: প্রথম দফার ভোটে আগামীকাল পূর্ব মেদিনীপুর জেলার দুটি মহকুমার, কাঁথি ও এগরার মোট ৭টি বিধানসভা, রামনগর, কাঁথি উত্তর ও দক্ষিণ, এগরা, পটাশপুর, ভগবানপুর ও খেজুরিতে ভোট রয়েছে। ভোট নেওয়ার সমস্ত প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু ভোট শুরুর। আজ সকাল থেকে এগরার ঝটুলাল হাই স্কুলের পাশাপাশি, কাঁথি প্রভাত কুমার কলেজ, কিশোর নগর হাইস্কুল ও বাজকুল কলেজ থেকে ভোট কর্মীদের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশন কড়া নজর দিচ্ছে। মাস্ক, স্যানিটাইজার, গ্লাবস প্রভৃতি দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোট করার লক্ষ্যে রাজ্য পুলিশের পাশাপাশি ১৮ হাজার ৮০০ আধাসেনা মোতায়েন করা হয়েছে। বিকেলের মধ্যে সমস্ত ভোটকর্মী নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গিয়েছে। সবমিলিয়ে শেষ মুহুর্তের ভোট প্রস্তুতির কাজে তৎপর জেলাপ্রশাসন।

আগামীকাল পূর্ব মেদিনীপুরে প্রথম দফার ভোট। দুটি মহাকুমার অন্তর্গত মোট সাতটি বিধানসভা কেন্দ্রে আগামীকাল নির্বাচন হবে। সেই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৭৫৭৭৫৫ জন। যাদের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৮৫১৯৫০জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ৯০৫৭৯৯ জন। সাতটি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ২৪৩৭টি। মোট ভোট কর্মী রয়েছেন ৩০৭০জন। ইতিমধ্যে ভোটের প্রস্তুতি একেবারে সারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *