আমাদের ভারত, জলপাইগুড়ি, ৭ জুন: হাসপাতালের দেওয়া রোগীর খাবারে কেঁচো পাওয়ার ঘটনায় খাবার সরবরাহকারী ঠিকাদার সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা না হলে বিক্ষোভ ও মামলা করা হবে। এই হুঁশিয়ারি দিলেন সাংসদ জয়ন্ত রায়। হাসপাতালে পরিষেবা কতটা পাওয়া যাচ্ছে তা নিয়ে মঙ্গলবার রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কথা বললেন সাংসদ।
শনিবার জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে রাতের খাবারে কেঁচো পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল কান্ড৷ এরপরেই সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ পেয়ে চার সদস্যের কমিটি গঠন করে। আজ হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শন করলেন সাংসদ জয়ন্ত রায়। তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং যে খাবার দেওয়া হয় তার মান কি রকম, খোঁজ খবর করেন। সাংসদ জয়ন্ত রায় বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, হাসপাতালের খাবারে কেঁচো পাওয়া যায়। এভাবে চলতে থাকলে হাসপাতালের উপর মানুষের ভরসা উঠে যাবে। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ঠিকাদার সংস্থা ও খাদ্য সরবরাহের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।”

তিনি বলেন, “অভিযোগ উঠেছে যে ঠিকাদার সংস্থা হাসপাতালের খাবার সরবরাহ করে সেই সংস্থার বিরুদ্ধে মামলা চলছে শুধু তাই নয় ট্রেন্ডার ছাড়াই ওই সংস্থা খাবার সরবরাহ করছে। দুর্নীতি চরম পর্যায়ে চলে গিয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে বিক্ষোভ করা হবে, প্রয়োজনে মামলা করা হবে।”

