ইদের আগে ঢালাও সাহায্য করলেন কৃষ্ণগঞ্জ থানার ওসি, দিলেন মুরগি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৪ মে: ইদের আগে মুসলিম ধর্মাবলম্বীদের সাহায্য করলেন কৃষ্ণগঞ্জ থানার ওসি। শুধু চাল ডাল নুন তেল সবজি নয় কুরবানীর জন্য দিলেন একটি করে মুরগি। এছাড়া একটা করে মিষ্টির প্যাকেট।

আগামীকাল ইদ। কিন্তু লকডাউনের ফলে মানুষ এখন বেরোতে পারছেন না। বাজারে যেতে পারছেন না। তাই ইদ পালন মুসলিম ধর্মাবলম্বীদের একটা কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। এই জায়গায় দরাজ হাতে সাহায্য করলেন কৃষ্ণগঞ্জ থানার ওসি রাজশেখর পাল। ধর্মপ্রাণ মুসলিমদের সাহায্যের জন্য এগিয়ে এলেন তিনি। আজ সকালে কৃষ্ণগঞ্জ এর সাতটা পঞ্চায়েতের সাতটা মসজিদে নিজে গিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের হাতে কুরবানীর জন্য মুরগি সহ খাবার তুলে দেন।

বাবলাবন, পাবাখালি, লক্ষী ডাঙ্গা, পুঁটিখালি, বিষ্ণুপুর, দিগম্বরপুর, মাটিয়ারী, বানপুরে এদিন প্রশাসনের তরফ থেকে প্রতিটা মসজিদের সামনে চারটে করে টেবিল পাতা হয়। সেখানে চাল, ডাল, আলু, নুন, সহ সমস্ত সবজি ছাড়াও চারটি করে মুরগির ট্রে সাজানো ছিল। প্রতিটা মসজিদের সামনে ধর্মপ্রাণ মুসলমানরা আসেন এবং প্রশাসনের হাত থেকে চাল, ডাল, আলু, নুন সহ সমস্ত সবজি ছাড়াও একটা করে মুরগি সংগ্রহ করেন। যাতে কালকে ইদের দিনে তারা মিষ্টিমুখ করতে পারেন সেজন্য মিষ্টির প্যাকেটও দেওয়া হয়। ১০০টি দরিদ্র মুসলিম পরিবারকে চিহ্নিত করে তাদের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন কৃষ্ণগঞ্জ থানার ওসি রাজ শেখর পাল।

ইদের আগে প্রশাসনের এই দরাজ ভূমিকায় স্বভাবতই খুশি এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দা কামাল শেখ জানান, আমরা খুব খুশি, এরকম একজন পুলিশ অফিসার পেয়ে। তিনি প্রশাসক এবং মানবিক।
ছবি: আকাশ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *