স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ এপ্রিল: কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যু কান্ডের প্রতিবাদে রায়গঞ্জ শহরে পথে নামল সিপিএমের যুব ও ছাত্র সংগঠন। সোমবার রায়গঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। শহর পরিক্রমার পর মিছিল গিয়ে শেষ হয় রায়গঞ্জ থানার সামনে। সেখানে থানার ভেতরে ঢোকার চেষ্টা করেন যুব ও ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। শুরু হয় ধাক্কাধাক্কি। যদিও পুলিশ ব্যারিকেড করে তাদের বাধা দেয়। এরপর গেটের সামনেই শুরু হয় অবস্থান কর্মসূচি। তাতে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই- এর জেলা সম্পাদক ইন্দ্রজিত বর্মন। তিনি এই কান্ডে পুলিশের বিরুদ্ধে তীব্র সুর চড়ান।

৪ পুলিশ অফিসারকে সাসপেন্ড প্রসঙ্গে ইন্দ্রজিত বাবুর দাবি, শুধু চার জন নয়, পুলিশের যারা দোষী সকলকে সাসপেন্ড করতে হবে। কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও সুর চড়ান সংগঠনের নেতৃত্ব। বিজেপি যে কোনো ঘটনার ক্ষেত্রে গিয়েই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে বলে অভিযোগ।

