৭৩তম প্রজাতন্ত্র দিবসে সিআরপিএফের পশ্চিমবঙ্গ সেক্টরের ডেপুটি কমান্ড্যান্ট দিলীপ মালিক শৌর্য চক্র সম্মান পেলেন

আমাদের ভারত, ২৬ জানুয়ারি:৭৩ তম প্রজাতন্ত্র দিবসে সিআরপিএফের পশ্চিমবঙ্গ সেক্টরের ডেপুটি কমান্ড্যান্ট দিলীপ মালিককে শৌর্য চক্র সম্মানে সম্মানিত করা হলো।২০১৮ সালে ২০৫ কোবরা ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডেন্ট হিসেবে বিহারের গয়ার মাও অধ্যুষিত এলাকায় কর্মরত ছিলেন। ওই বছর ২৫ আগস্ট তিন মাওবাদী নেতাকে খতম করেন দিলীপ মালিক। এদের মধ্যে একজন মাওবাদীদের জোনাল কমান্ডার ছিলেন যার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

১৯৭৩ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার জগন্নাথপুর গ্রামে দিলীপ মালিকের জন্ম। দেশের প্রতি কঠোর পরিশ্রম, সেবা, আনুগত্য,দৃঢ়তা ও কাজের প্রতি আন্তরিকতা তাকে তার কর্মজীবনে একাধিক পদক ও সম্মান এনে দিয়েছে।

দেশের শত্রুদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছেন দিলীপ মালিক। তিনি পশ্চিমবঙ্গে মাওবাদীদের প্রধান নেতা কিসানজির এনকাউন্টার সহ ২১টি কট্টরপন্থী মাওবাদীদের আত্মসমর্পণেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। পশ্চিমবঙ্গ ও বিহারে ২০০ জন মাওবাদীকে আটক করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তার পাওয়া বিশেষ কিছু পদক গুলি হল:-
* শৌর্য চক্র-৭৩তম প্রজাতন্ত্র দিবস,২০২২
• মেধাবী সেবা পদক-০১
• বীরত্ব পদক – ০২
• অতি উৎকৃষ্ট সেবা পদক-২০২০-০১
• ডিজি ডিস্ক-১১
• প্রশংসাপত্র – ৫৬ (ডিজি, আইজি কমান্ডেন্ট, এসপি এবং ডিম থেকে প্রাপ্ত)।

বর্তমানে তিনি সিআরপিএফের পশ্চিমবঙ্গ সেক্টরের অন্তর্গত কলকাতায় কর্মরত। ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিলীপ মালিককে শৌর্য চক্র সম্মানে সম্মানিত করায় তার বাহিনীই গর্বিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *