সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ মার্চ: পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে অবশেষে হাসপাতালের বেডে পরীক্ষা দিলো দুই ছাত্রী। মেজিয়া ও বড়জোড়ার ঐ দুই ছাত্রীকে অসুস্থ অবস্থায় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
আজ উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা নির্বিঘ্নে শেষ হল বাঁকুড়া জেলায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালন সমিতির সুত্রে জানাগেছে, কোথাও কোনো গন্ডগোলের খবর নেই। তবে এদিন পরীক্ষা শুরু হওয়ার ঘন্টাখানেকের মধ্যে দু’জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আধ ঘন্টার মধ্যে সুস্থ হলে দুজন ছাত্রীর জন্য হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
দুই ছাত্রীর অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি তাদের পরীক্ষার ব্যাপারে উদ্যেগী হন। মেজিয়া থানার জপমালী দেশবন্ধু হাইস্কুলের ছাত্রী সুস্মিতা বাউরি ও বড়জোড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমা লাই পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে। রুমার সেন্টার ছিল বড়জোড়া থানার ঘুটগোড়িয়া হাইস্কুল ও রুমার সেন্টার ছিল বড়জোড়া হাইস্কুল। বিধায়ক অলক মুখার্জি বলেন, খবর পেলাম ঘুটগোড়িয়া হাইস্কুলে একজন পরীক্ষার্থী পরীক্ষার হলেই অসুস্থ হয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠাই। ফের কিছুক্ষণ পর বড়জোড়া হাইস্কুল থেকেও একই খবর আসে। তাদের চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। তারা ভালোভাবেই পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন সময়ে সুস্মিতার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয়। গা গোলাতে থাকে। অন্যদিকে রুমা লাই পরীক্ষা দিতে দিতে মাথা ঘুরে পড়ে যান। পরীক্ষা কেন্দ্রের শিক্ষকরা যোগাযোগ করেন বিধায়ক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। তারপরই তাদের হাসপাতালে এনে চিকিৎসা ও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

