দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামে শুরু হতে চলেছে দুর্গাপূজা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ অক্টোবর: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামে শুরু হতে চলেছে দুর্গাপূজা। স্থানীয় মানুষের কাছে “সোনামতি কুম্ভরানী” হিসেবে এই পূজা পরিচিত। মঙ্গলবার থেকে শুরু হবে এই পূজা এবং শনিবারে হবে বির্সজন। পুজোকে ঘিরে উৎসবে মেতেছে করণদিঘি ব্লকের মানুষ।

কথিত আছে, করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামে এক কুম্ভকার ছিলেন। সেই কুম্ভকারই এই পূজার প্রচলন করেছিলেন। দুর্গাপূজার আটদিন পরের মঙ্গলবার এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এলাকার মানুষ এই পুজোর অপেক্ষায় থাকে। মঙ্গলবার পুজোর পর বুধবার থেকে বিশাল মেলা বসে। শনিবার পর্যন্ত এই মেলা চলার পর প্রতিমা বির্সজন হয়। মূলত পুরোহিত মহালয়ায় ধ্যানে বসে পুজোর দিনক্ষণ ঠিক করে। করোনা আবহের কারণে গতবছর থেকে প্রশাসনিক ভাবে এই মেলার অনুমতি নেই। এবছরও করোনা বিধি লাগু থাকায় প্রশাসনিকভাবে মেলা করার অনুমতি মেলেনি। মেলা না হলেও দূরদূরান্ত থেকে রাজবংশী সম্প্রদায়ের মানুষ সহ আপামর বাঙালী এই পূজায় মেতে ওঠে।

পূজা কমিটির সম্পাদক সুভাষ চন্দ্র সিনহা জানান, বাঙালীর সব চেয়ে বড় উৎসব দূর্গাপূজা। এই উৎসবকে ঘিরে মানুষ নতুন জামা কাপড় পড়ে পূজা দেখতে বের হন। সিঙ্গারদহ গ্রামের মানুষ এই সোনামতি কুম্ভরানী দূর্গাপূজার জন্য অপেক্ষায় থাকেন। এই পূজাতেই তারা নতুন জামা কাপড় কেনেন। পূজার পাঁচদিন এলাকার মানুষ উৎসবে মেতে ওঠেন। রাত পোহালেই দুর্গাপূজা শুরু হবে। তার শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে সিঙ্গারদহ গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *