বাংলাদেশের ঘটনার প্রতিবাদ, ১০ হাতে কালো পতাকা নিয়ে কলকাতায় বিসর্জনের পথে দুর্গা

রাজেন রায়, কলকাতা, ১৮ অক্টোবর: অষ্টমীর সকাল থেকে বাংলাদেশের তাণ্ডবের আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। আর এরই মধ্যে দুর্গা পুজোর বিসর্জনের মধ্য দিয়ে অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল কলকাতা। সোমবার কলকাতার কাঁকুড়গাছির এক দুর্গা প্রতিমার দশ হাতে কালো পতাকা দিয়ে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। দেবীর হাতে একটি প্ল্যাকার্ডও ঝোলানো হয়েছে। তাতে বাংলাদেশের ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। আর এই পুজো ভোট-পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের পাড়ার এলাকার পুজো।

কাঁকুড়গাছির ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া অভিজিৎ সরকারের স্মৃতিতে এই বছর থেকেই সেখানে ‘স্মৃতির পুজোর’ আয়োজন করা হয়েছিল। আগের বছর এই পুজোর উদ্বোধন করে দিয়েছিলেন অভিজিৎ সরকার। এ বছর সেখানে পুজোর থিম ছিল ভোট পরবর্তী হিংসা। রাজ্যজুড়ে বিধানসভা নির্বাচনের পর থেকে যে একের পর এক হামলার অভিযোগ উঠেছিল, তাই কাঁকুরগাছির এই পুজোয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর এবার দুর্গা প্রতিমার বিসর্জনের সময়েও অভিনব প্রতিবাদ। কুমিল্লার ঘটনার প্রতিবাদে অভিনব প্রতিবাদে সামিল কাঁকুড়গাছির স্মৃতির পুজো।

দেবী দুর্গার ১০ হাত থেকে অস্ত্র খুলে সেখানে দেওয়া হয়েছে কালো পতাকা। সঙ্গে রয়েছে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে একটি প্ল্যাকার্ডও ঝুলছে দেবীর এক হাত থেকে। এভাবেই অভিনব প্রতিবাদ জানিয়ে দেবী প্রতিমা নিয়ে শহর পরিক্রমা করে কাঁকুড়গাছি স্মৃতির পুজো। তারপর গঙ্গায় প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ জানাতেই দেবীর হাতে কালো পতাকা তুলে দেওয়া হয়েছে। একইসঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়েও বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি যে অভিনব, তা মানছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *