আমাদের ভারত, ২৬ আগস্ট:যারা কোভিশিল্ডের টিকা নিয়েছেন তাদের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ নিতে গেলে অন্তত ৮৪ দিনের অপেক্ষা করতে হবে। এই নিয়ম বর্তমানে দেশে চালু রয়েছে। তবে আগামী দিনে এই সময়ের ব্যবধান কমিয়ে আনা হতে পারে বলে খবর কেন্দ্রীয় সরকার সূত্র মারফত।
গত জানুয়ারি মাসে দেশে টিকাকরণ চালু হওয়ার পর কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে। ব্যবধান চার থেকে ছয় সপ্তাহ স্থির হয়েছিল। পরে আবার সেটা ৬-৮ সপ্তাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত মে মাসে ওই ব্যবধান বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করা হয়। কেন্দ্রের তরফে জানানো হয় ব্রিটেনের একটি রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কিন্তু ডেল্টা প্রজাতি প্রতিরোধে ব্রিটেনে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ওই ব্যবধান কমিয়ে আনা হয়েছিল।
সেই সময় অনেকেই অভিযোগ করেছিল টিকার অভাবধামাচাপা দিতেই দুটি টিকার মধ্যে ব্যবধান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সেই সব অভিযোগে খারিজ করে দেয় কেন্দ্র। ব্রিটেনের রিপোর্টের উল্লেখ করে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়ালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়বে। যদিও এই সময়ে ভারত বায়োটেকের কোভ্যক্সিন টিকার দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধানে কোনো পরিবর্তন হয়নি।

