আমাদের ভারত, হাওড়া, ১২ অক্টোবর: দাঁড়িয়ে থাকা লরির পিছনে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল ডাম্পারের চালকের। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে ১৬ নং জাতীয় সড়কে ডোমজুড় থানার জালান কমপ্লেক্স ২ নং গেটের কাছে। মৃত ডাম্পারের চালকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর সোমবার ভোর ৪ টে ৩০ নাগাদ একটি লরি কলকাতা অভিমুখে যাওয়ার সময় জালান কমপ্লেক্সের কাছে লরিটির চাকা ফেটে গেলে তা রাস্তায় দাঁড়িয়ে যায়। এদিকে রাস্তার মাঝখানে আচমকা লরিটি দাঁড়িয়ে গেলে লরির পিছনে থাকা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় ডাম্পারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি লরিটি রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারে উল্টে যায়। দুঘটনার পর পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ডাম্পারের চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ডোমজুড় থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি লরি ও ডাম্পারটিকে আটক করেছে।
এদিকে এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।


