“দুয়ারে রেশন” পাইলট প্রজেক্ট নিয়ে জটিলতা পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৭ সেপ্টেম্বর: ‘দুয়ারে রেশন’ নিয়ে জটিলতা দেখা দিল পুরুলিয়ায়। খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করল না রেশন ডিলাররা। আর এর ফলেই ১৫ সেপ্টেম্বর থেকে নির্ধারিত হওয়া পাইলট প্রজেক্টের বাস্তব রূপ নিয়ে বড় প্রশ্ন চিহ্ন দেখা দিল।

আজ পুরুলিয়ার জেলাশাসকের কার্যালয়ে একটি বৈঠক করেন খাদ্য দফতরের প্রতিমন্ত্রী। বৈঠকে তাঁর সামনেই খাদ্য বিতরণের জন্য বকেয়া কমিশনের টাকা দেওয়ার জন্য বলেন ডিলাররা। এছাড়াও জেলার দুর্গম এলাকায় নেটওয়ার্ক সমস্যা থাকায় ‘দুয়ারে রেশন’ নিয়ে জটিলতা আরও বাড়ল বলে স্বীকার প্রশাসনের। এদিনের সভা শেষে ওয়েস্ট বেঙ্গল এম ডিলারস অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রভাশিস লাল সিং দেও বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর দুয়ারে রেশন বাস্তবায়নের পক্ষে। কিন্তু আমাদের দাবি দাওয়া নিয়ে মন্ত্রী, জেলা খাদ্য নিয়ামককেও জানিয়েছি, তা পূরণ বা অসুবিধা দূর না হলে কী করে বাস্তব রূপ পাবে তা নিয়ে সন্দেহে রয়েছি।”

সংগঠনের জেলা সভাপতি, মানবাজার মহকুমার সম্পাদকের গলাতেও একই সুর দেখা গিয়েছে এদিন।
এই বিষয়ে মন্ত্রী জানান, “জনগণের স্বার্থে ডিলাররা কাজ করবেন বলে আশা করছি। সমস্যা দূর করার জন্য আমরা আলোচনা করছি। তাঁদের কথা আমরা ভাবব।”

এদিনের বৈঠকে জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি, দুই বিধায়ক রাজীব লোচন সরেন, সুশান্ত মাহাতো ছাড়াও জেলাশাসক রাহুল মজুমদার, জেলা খাদ্য নিয়ামক, জেলার ডিস্ট্রিবিউটর সংগঠনের সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *