সরকারের কড়া বিধি শিথিল হতেই বাজারে ভিড়, এক সপ্তাহ বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৭ জুলাই: করোনা সংক্রমণে লাগাম টানতে টানা এক সপ্তাহ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। এক সপ্তাহ শিলিগুড়ির ফুলেশ্বরী বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্যানিটাইজেশনের কাজ করা হবে। এছাড়াও শিলিগুড়ির অন্যান্য বাজার গুলিকে সপ্তাহে একদিন করে স্যানিটাইজ করা হবে পৌরসভার তরফে। একই সাথে বাজার এলাকাতে বাধ্যতামূলক মানতে হবে স্বাস্থ্য বিধি এবং পরতে হবে মাস্ক। শনিবার জেলাশাসক, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালের সুপারদের সাথে বৈঠকের পর এমনটাই জানালেন গৌতম দেব।

করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় রাজ্য সরকারের তরফে রাজ্যজুড়ে লাগু হওয়া সরকারের কঠোর বিধিনিষেধে কিছুটা ছাড় দেয়। আর এতেই শহরের মানুষ খামখেয়ালি শুরু করে। প্রতিদিনই শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে সকাল থেকে ফের বাড়ছে ক্রেতাদের ভিড়। অধিকাংশ ক্রেতা বিক্রেতা মানছেন না সরকারি স্বাস্থ্য বিধি। এমনকি সঠিকভাবে মাস্ক পরেন না অনেকেই। ফলে চিন্তিত জেলা প্রশাসন। আর এই বিষয়টিকে মাথায় রেখে করোনার সংক্রমণ সংখ্যা যাতে আবার এক ধাক্কায় বৃদ্ধি না পায় তাই আগেভাগে সতর্ক জেলা প্রশাসন। শনিবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, সুপার এবং জেলা হাসপাতালে সুপার দার্জিলিংয়ের জেলাশাসক সহ পুরনিগমের আধিকারিকদের নিয়ে এক বৈঠক করেন। বৈঠকে বাজারগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও যেভাবে প্রতিদিনই বাজারগুলোতে ভিড় বাড়ছে তাতে সংক্রমণ যাতে না ছড়ায় তা নিয়েও বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। বৈঠক থেকে সিদ্ধান্ত হয় ভারত নগর ও ফুলেশ্বরী বাজার বন্ধ রাখার।

এদিন সাংবাদিক বৈঠক করে গৌতম দেব বলেন, এখন থেকে শিলিগুড়ির প্রতিটি বাজারকে সপ্তাহে একদিন করে বন্ধ রেখে স্যানিটাইজ করা হবে। এছাড়া শিলিগুড়ির ভারতনগর ও ২৪ নং ওয়ার্ডের ফুলেশ্বরী বাজারকে সোমবার থেকে সাতদিন বন্ধ রাখা হবে। এই সাতদিন বাজার গুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে জীবাণুনাশকের কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *