পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২০ ফেব্রুয়ারি: রাতের অন্ধকারে বিজেপি নেতার পুকুরে বিষ ছড়িয়ে দিল দুষ্কৃতিরা। শনিবার সকালে মরা মাছ ভেসে উঠতেই মাথায় হাত পড়ে সংখ্যালঘু সেলের ওই নেতার। এদিন সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় তপনের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের জাজিয়ান এলাকায়। ভোটের মুখে বিজেপি করার অপরাধে দলের সংখ্যালঘু মোর্চার ওই দুটি পুকুরে বিষ ছিটিয়ে কয়েক লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ বিজেপির। সাতসকালে এমন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে তপন থানার পুলিশ। যদিও বিজেপির অভিযোগ, রাজনৈতিক শক্তিতে না পেরে আর্থিক ভাবে তাদের সংখ্যালঘু নেতাকে ক্ষতি করতেই দুষ্কৃতিরা এমন কান্ড করেছে।
জানাগেছে, তপনের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের জাজিয়ান গ্রামে সংখ্যালঘু সেলের সভাপতি তসলিম মন্ডলের দুটি পুকুর রয়েছে। পেশায় কৃষক তাসলিম পরিবার নিয়ে জীবিকা নির্বাহে অনেকটাই নির্ভরশীল ওই দুটি পুকুরের মাছ চাষের উপর। শনিবার ভোরে ওই পুকুরে হঠাৎ করে মরা মাছ ভেসে উঠতে দেখেন প্রহরার দায়িত্বপ্রাপ্ত এক কর্মী। যার পরেই বিষয়টি পরিষ্কার হয়। পুকুরে বিষ মিশিয়েই মাছ মেরে ফেলা হয়েছে বলে দাবি সংখ্যালঘু সেলের মন্ডল সভাপতি তসলিম মন্ডলের। তবে শত্রুতা থেকেই এমনটা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন ওই বিজেপি নেতার স্ত্রী। এদিন সকালে এই ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। যদিও ঘটনার খবর পেয়ে তপন থানার পুলিশ এলাকায় পৌছে স্বাভাবিক করেন পরিস্থিতি।

স্থানীয় বাসিন্দা মহম্মদ সরকার জানিয়েছেন, প্রচুর ক্ষতি হয়েছে পুকুরে বিষ দেওয়ার ফলে। সমস্ত মাছ মরে শেষ হয়ে গিয়েছে।
বিজেপি নেতা তসলিম মন্ডলের স্ত্রী নাসরিনা বিবি বলেন, শত্রুতা থেকেই কেউ রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটিয়েছে। মাছ চাষের উপর নির্ভর করেই চলে তাদের সংসার। মাছ মরে যাওয়ায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করলেই প্রকৃত কারণ সামনে আসবে।
বিজেপির মন্ডল সভাপতি বিদ্যুৎ বর্মন জানিয়েছেন, রাজনৈতিক ভাবে তাদের সংখ্যালঘু সেলের নেতার গ্রহণযোগ্যতায় অনান্যরা পারছে না। আর তাই আর্থিকভাবে তার মেরুদণ্ড ভেঙে দিতেই রাতের অন্ধকারে দুষ্কৃতিরা এমন ঘটনা ঘটিয়েছে।

