আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ জুলাই: অবশেষে এলাকাবাসীর অবরোধের জেরে তিন নম্বর ওয়ার্ডের মিলন বেকারি সংলগ্ন রাস্তা ও পাশ্ববর্তী এলাকায় বেড মিশালি (রাবিশ) ফেলার কাজ শুরু করলো স্থানীয় প্রশাসন। এখন বর্ষার সময়, রাস্তায় অবস্থা কঙ্কালসার। রাস্তার মধ্যে বড় বড় গর্তে বৃষ্টির জল জমে ভগ্ন দশা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা অবস্থায় পড়ে রয়েছে জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের দিঘল বাজার থেকে মিলন বেকারি রাস্তা হয়ে উমাগতি স্কুল পর্যন্ত এলাকা। যেটা জলপাইগুড়ি শহরে ঢোকার গুরুত্বপূর্ণ রাস্তা। অবশেষে বুধবার থেকে পুরসভার তিন নম্বর ওয়ার্ডে পুরসভা ও স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে ভাঙ্গা রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হল। এদিন সকাল থেকেই রাস্তায় বেড মিশালি ফেলার কাজ শুরু হয়।
উল্লেখ্য, এই রাস্তা পূর্বাঞ্চল স্কুল, জেলা স্কুল সহ অফিস আদালত থেকে শুরু করে শহরের অন্যান্য স্কুল, কলেজ, এমন কি বাজার ঘাট হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা। এলাকার কাউন্সিলর স্বরূপ মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার সংস্কার সেভাবে হয়নি। বর্ষাকালে কিছু জায়গায় গর্ত হয়ে জল দাঁড়িয়ে পড়ার ফলে এলাকার বাসিন্দা থেকে শুরু করে নিত্যদিন সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাদের কথা চিন্তা করে রাস্তায় বেড মিশালি ফেলার কাজ শুরু হল। তিনি আরও বলেন, ইতিমধ্যেই এই রাস্তার কাজের বাজেট নেওয়া হয়েছে। তবে বর্ষাকালের জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে। এদিন মিলন বেকারি সংলগ্ন ও তার পাশ্ববর্তী এলাকার ভাঙ্গা রাস্তায় বেড মিশালি ফেলার কাজ শুরু হয়েছে।

