স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ আগস্ট: প্রতিবেশী ভাড়াটিয়া এক যুবকের সঙ্গে এক গৃহবধূর অবৈধ সম্পর্ক ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর চিড়াইল পাড়া এলাকায়। বারবার বলা সত্ত্বেও মহিলা সেই সম্পর্ক থেকে সরে আসেনি বলে অভিযোগ।

সোমবার ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা৷ ওই গৃহবধূ ও যুবককে ধরে বেধড়ক মারধর করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। মারধরে দুজনেই জখম হয়। পুলিশ এসে আহত মহিলাকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

