অতি বৃষ্টির জের, বাঁকুড়া পুর এলাকায় পানীয় জলের হাহাকার

আমাদের ভারত, সোমনাথ বরাট, বাঁকুড়া, ২ অক্টোবর: দুদিন অবিরাম বৃষ্টিতে নাজেহাল হওয়ার পর এবার পানীয় জলের হাহাকার বাঁকুড়া শহর জুড়ে। ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও পানীয় জলের সুরাহা করতে ব্যৰ্থ পুরসভা। নদীগৰ্ভে গভীর কূপ খনন করে পাম্পের সাহায্যে জল উত্তোলনের পর তা পরিশ্ৰূত করে পাইপ লাইনের মাধ্যমে পুরসভা বাড়িতে বাড়িতে জল সরবরাহ করে। এজন্য বাঁকুড়া শহরের দুই পাশে বয়ে চলা গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর তীরে পাম্প হাউস নিৰ্মিত হয়েছে। অতিবৃষ্টির কারণে এই পাম্প হাউস ডুবে যাওয়ায় জল সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে মাইক যোগে পুরবাসীকে জানানো হলেও ক্ষোভে ফুঁসছে তারা।

প্ৰতি বছর বৃষ্টি হলেই এই সমস্যা সৃষ্টি হচ্ছে কিন্তু স্থায়ী সমাধান কিছু হচ্ছে না। এই অভিযোগ শহরের
সৰ্বত্ৰই। লালবাজারের বাসিন্দা স্বপন দত্ত, বাসবী দে, প্ৰতাপবাগানের অজয় নন্দী, যোগেশপল্লীর বিভাস ভট্টাচার্যদের অভিযোগ, পানীয় জলের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে কাজ কি হচ্ছে, সেই টাকা কি কাজে লাগছে তা অজ্ঞাত।তাদের বক্তব্য বৰ্ষা কালে বৃষ্টি হলে পাম্প হাউস ডুবে যাওয়ায় জল বন্ধ, আর গ্ৰীষ্মকালে জলস্তর নেমে যায় তাই জলবন্ধ এই প্ৰহসন আর কতদিন চলবে?

বাঁকুড়া পৌরসভার প্ৰশাসক অলকা সেন মজুমদার বলেন, অতি বৃষ্টির জন্য পাম্প হাউস ডুবে যাওয়ায় এই বিপত্তি। জল সরবরাহ স্বাভাবিক করতে ও সমস্যা সমাধানে পুরসভা এলাকায় এলাকায় জলের ট্যাঙ্ক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *