আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ অক্টোবর: নিম্নচাপের জেরে আবার শুরু হয়েছে বৃষ্টি। গতকাল বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে। উপকূলবর্তী এলাকা সহ পটাশপুর, ভগবানপুরে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। গতকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ও পটাশপুর এলাকায়।

বেশ কিছুদিন হল কেলেঘাই নদীর জলে প্লাবিত হয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, ভগবানপুর ও চন্ডিপুর বিধানসভা এলাকার অনেকগুলি গ্রাম পঞ্চায়েত এলাকা। বন্যা পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থা পটাশপুর ১ ব্লকের চিস্তিপুর, ভগবানপুর ১ ব্লকের বিভীষণপুর, সিমুলিয়া, ভগবানপুর, কোটবাড়, কাকরা, ভগবানপুর ২ ব্লকের ইটাবেড়িয়া, মুগবেড়িয়া, রাধাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। কেলেঘাই নদীর ভেঙ্গে যাওয়া বাঁধ মেরামতির ফলে বন্যার জল আগের থেকে অনেকটাই কমেছে।
তবে নিম্নচাপের জেরে আজ সারাদিন আকাশ মেঘলা থাকলেও হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে, গতকাল সারাদিন ও রাতভর বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। আজও সন্ধ্যের পর থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর। এই অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জলস্তর আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এক মাসের বেশি হয়ে গেল এলাকার বহু জায়গা এখনও জলের তলায়। এখনও অনেক গ্রাম রয়েছে সম্পূর্ণ জলের তলায়। বহু বাড়ির ভেতরে এখনও জল রয়েছে।হাজার হাজার মানুষ এখনো রয়েছেন ত্রাণ শিবিরে বা উঁচু বাঁধের ওপর পলিথিনের তলায়।

দুর্গাপূজার কয়েকদিন আবহাওয়া কিছুটা শুকনো থাকায় মানুষ আশায় বুক বেঁধে ছিলেন। সেই আশা আবার নিরাশায় পরিণত হয়েছে এই বৃষ্টির ফলে। এই বৃষ্টির ফলে আবার যদি নদীতে জল ছাড়া হয় কি হবে সেই আতঙ্কে দিন কাটছে বানভাসি মানুষজনের।

