পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: চলতি নিম্নচাপজনিত বৃষ্টিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া প্রভৃতি জেলায় ফুলচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। মূলত গাঁদা, দোপাটি, রজনীগন্ধা সহ বিভিন্ন ধরনের নরম প্রকৃতির ফুলের গাছগুলির গোড়ায় জল জমে গাছগুলি মরে যাবে। পাপড়িযুক্ত ফুলে জল ঢুকে গিয়ে ওই পাপড়িগুলিও পচে ফুলের গুণমান নষ্ট হবে। ফলস্বরূপ পূজোর মুখে ফুল উৎপাদন ব্যাহত হবে। স্বাভাবিক ভাবেই দামবৃদ্ধিরও সম্ভাবনা থাকছে।
সারা বাংলা ফুলচাষি ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে ফুলের দাম একেবারে কম ছিল। এরপর এই বৃষ্টিতে ফুলের ব্যাপক ক্ষতি ফুলচাষিদের চরম সমস্যার মধ্যে ঠেলে দিল।

