আমাদের ভারত, বোলপুর ৫ ডিসেম্বর: ‘দু টাকার হাট’ হ্যাঁ ঠিকই শুনেছেন, রবিবারে দু’টাকার হাট বসেছিল বোলপুর সংলগ্ন সাহেবডাঙ্গা আদিবাসী গ্রামে। কিন্তু কি এই হাট, কিই বা হল কেনাবেচা?রবিবারের এই হাটে কেনাবেচা হল জামাকাপড়, আর যার মূল্য রাখা হয়েছিল মাত্র দু’ টাকা। যার বিনিময়ে ঐ আদিবাসী গ্রামের মানুষজন পান পরিধেয় যোগ্য পুরাতন জামাকাপড়, তার সঙ্গে দেওয়া হচ্ছে দশটাকার ডিটারজেন্টের প্যাকেট।

আর এই জামাকাপড় গুলো দিয়ে সহযোগিতা করেছেন বোলপুর, সিউড়ি, লাভপুর, কীর্ণাহার এলাকার অসংখ্য মানুষ।আসলে এই অভিনব আয়োজন যার মস্তিষ্কপ্রসূত, সেই বুদ্ধিশ্বর মণ্ডল একজন তায়কোয়ান্দো প্রশিক্ষক। প্রশিক্ষণ দিতে তিনি ঐসমস্ত এলাকায় গিয়ে সংগ্রহ করে এনেছেন জামাকাপড় গুলো। এক্ষেত্রে প্রত্যেকেই তাদের পুরাতন জামাকাপড় গুলো বেশ আগ্রহ সহকারে তুলে দিয়েছেন তাঁর হাতে। একটা একটা করে সংগ্রহ করে সেগুলো নিয়েই হাট বসিয়েছিলেন বুদ্ধিশ্বরবাবু।

কিন্তু কেন দুটাকা? তিনি বলেন, ‘আসলে আমরা চাই ওদের যেন মনে না হয় এগুলো অনুদান পাচ্ছে,ওরা মনে করুক এগুলো কিনে নিচ্ছে।’

