মদ্যপ অবস্থায় তোলাবাজি কৃষি আধিকারিকের, গণধোলাই বালুরঘাটের মোক্তারপাড়া এলাকায়

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২০ অক্টোবর: মদ্যপ অবস্থায় তোলাবাজি করতে এসে গণধোলাই খেলেন এক কৃষি আধিকারিক। শুক্রবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরের মোক্তার পাড়া এলাকায়। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে ওই কৃষি আধিকারিককে আটক করে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃত ওই কৃষি আধিকারিকের নাম অরূপ চ্যাটার্জি। এদিন বিকেলে বালুরঘাট শহরের মোক্তারপাড়া এলাকায় একটি সারের দোকানে মদ্যপ অবস্থায় আচমকাই ঢুকে পড়েন তিনি। ছুটির দিনে মদ্যপ অবস্থায় ওই সরকারি আধিকারিককে দেখে রীতিমতো চমকে যান দোকানের মালিক সহ অনান্য কর্মচারীরাও। ঘটনার সূত্রপাত হয় এরপরেই। দোকান মালিক দীপক লাহার অভিযোগ, মদ্যপ অবস্থায় ওই কৃষি আধিকারিক তার দোকানে ঢুকে মোটা টাকা তোলা দাবি করে। যা না দিতেই তুমুল তান্ডব শুরু করেন ওই সরকারি আধিকারিক বলেও অভিযোগ। শুধু তাই নয়, মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবার হুঁশিয়ারিও দেন তিনি। যার প্রতিবাদ করতেই তার ছেলে দীপায়ন লাহাকে সপাটে চড় বসিয়ে দেন ওই কৃষি আধিকারিক। এরপরেই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এলাকায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে ওই কৃষি আধিকারিককে নিজেদের হেফাজতে নেয় বালুরঘাট থানার পুলিশ।

যদিও ওই কৃষি আধিকারিক অরূপ চ্যাটার্জির দাবি, সারের দোকানে অবৈধ কারবারের গোপন খবর পেয়েই সেখানে এসেছিলেন তিনি। কিন্তু দোকান মালিক ও তার লোকজন তাকে বেধড়ক মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। যদিও তার তোলা দাবি করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছে সারের দোকানদার দীপক কুমার লাহা।

দীপক কুমার লাহা বলেন, অফিস ছুটির দিনে মদ্যপ অবস্থায় আচমকা ওই আধিকারিক তার দোকানে ঢুকে পড়ে তান্ডব চালায়। যার প্রতিবাদ করতেই তার ছেলেকে মারধর করেছে সে। ঘটনা নিয়ে লিখিত আকারে থানার দ্বারস্থ হচ্ছেন তিনি।

দোকান মালিকের ছেলে দীপায়ন লাহা বলেন, মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে সিগারেট খাচ্ছিলেন ওই সরকারি আধিকারিক। শুধুমাত্র তার প্রতিবাদ করতেই চড় মেরেছেন তিনি।

কৃষি আধিকারিক অরূপ চ্যাটার্জি বলেন, ওই সারের দোকানে বে-আইনি কাজের খবর পেয়ে এসেছিলেন তিনি। যার তদারকি করতেই তাকে মারধর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *