সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ আগস্ট: কর্তব্যরত অবস্থায় অধিকাংশ সময়েই মদ্যপান করেন রেলকর্মীরা। আর যার কারণে অনেক সময়েই পরিষেবা থেকে বঞ্চিত হন রেলযাত্রীরা। এমনই মারাত্মক অভিযোগ উঠল এক রেলকর্মীর বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বনগাঁ- রানাঘাট রেল শাখার গোপালনগর স্টেশনে।
বনগাঁ- রানাঘাট রেল শাখার গোপালনগর রেল স্টেশনে এদিন ভোর ৩ টে থেকে টিকিট কাউন্টার বন্ধ করে রাখা হয়। কারণ জানতে চাওয়া হলে কর্তব্যরত রেলকর্মী রেলযাত্রীদের জানান, মেশিন খারাপ আছে। এইভাবে দীর্ঘ সময় কেটে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এরপরই শুরু হয় উত্তেজনা। যাত্রীদের অভিযোগ, এই স্টেশনের এক রেলকর্মী প্রায় রাতেই মদ্যপ অবস্থায় থাকেন। যার কারণে তিনি তার ডিউটি ঠিকমতো করতে পারেন না। যাত্রীদের ধারণা, সেই কারণেই এদিন টিকিট কাউন্টার বন্ধ করে রাখা হয়েছিল। এই পরিস্থিতিতে উত্তেজিত এক যাত্রী কাউন্টার থেকে হাত বাড়িয়ে কম্পিউটারের একটি কিবোর্ড ভেঙ্গে দেয় বলে পাল্টা অভিযোগ ওই রেলকর্মীর।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা। পরে রেলের অন্য কর্মীরা এসে মেশিন ঠিক করায় বেশ কয়েক ঘন্টা পর টিকিট দেওয়ার কাজ স্বাভাবিক হয়। এদিনের এই ঘটনার ফলে ভোগান্তির শিকার হতে হয় রেলযাত্রীদের। গোপালনগর স্টেশনের ওই রেলকর্মীর ব্যাপারে রেল কর্তৃপক্ষকে নজর দেওয়ার আবেদন জানিয়েছেন যাত্রীরা।

