সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ আগস্ট: আন্তর্জাতিক ভারত- বাংলাদেশগামী বাস থেকে বিপুল পরিমাণ রূপোর গয়না ও মাদক সহ ছয় পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত থেকে উদ্ধার হয় এই সামগ্রী।
বিএসএফ জওয়ানরা জানিয়েছে, এগুলি চোরাই ভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এই ঘটনায় বাসের চালক সহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা রূপোর ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম, আনুমানিক তার বাজার মূল্য ১২ লক্ষ ৭১ হাজার টাকা। এছাড়াও জওয়ানরা বাস থেকে অবৈধ মাদক ও মদ বাজেয়াপ্ত করেছে, যার আনুমানিক মূল্য। ৬,২৪,৮২০ টাকা।

বিএসএফ সূত্রের খবর, এদিন সকালে ভারত- বাংলাদেশ যাত্রবাহী বাস “সৌহার্দ্র” কলকাতা থেকে যাত্রী নিয়ে পেট্রাপোলে আসে। প্রতিদিনের মত বাংলাদেশে যাওয়ার আগে বিএসএফ জওয়ানরা বাসটিতে তল্লাশি চালায়। এরপর চালকের সিটের নিচ থেকে উদ্ধার হয় রূপোর গয়না। আটক করা হয় চালককে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই তারা জানান, এগুলি অবৈধ ভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এর সঙ্গে জড়িত চার জনকে গ্রেফতার করে বিএসএফ।
জওয়ানরা জানিয়েছে, ধৃত চালক সহ পাচারকারীদের নাম, ইন্দ্রজিৎ রায়, ভোলা পাল, সমীর সাহা, মোহাম্মদ আরসাদ, জাবের কাকবাল লস্কর, নমোহাম্মদ আমিন।
চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাকিরা সকলেই ভারতীয়। এদের কাছে বৈধ্য পাসপোর্ট আছে। চালক ইন্দ্রজিৎ রায় দীর্ঘদিন ধরে ইন্দো-বাংলাদেশ গ্রিন লাইন বাস সার্ভিসের কাজ করছেন। তিনি এই রূপোর গয়নাগুলি কলকাতার ধর্মতলার এক ব্যক্তি তার কাছে দিয়েছেন এবং সেগুলি বাংলাদেশের ঢাকায় বদরারুল নামে এক চোরাকারবারীর কাছে হস্তান্তর করার কথা ছিল। তিনি মাদক সম্পর্কে বলেন যে, তিনি একই স্থান থেকে আলী ভাই নামে এক ব্যক্তির কাছ থেকে মাদক গ্রহণ করেন এবং বাংলাদেশের বাদশা নামে এক চোরাকারবারীর কাছে হস্তান্তর করতে ঢাকায় যাচ্ছিলেন। ধৃতদের আজ পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

