ণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১১ ডিসেম্বর: বোলপুরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে প্রায় ৯০৫ লিটার বেআইনি অ্যালকহল উদ্ধার করলো আবগারি দপ্তর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো। বোলপুরের মকরমপুরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা পুষ্পেন্দু রায়ের বাড়িতে যৌথ অপারেশন চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে মজুত করা এরোমেটিক কার্ডামম টিনচার। ৮০ শতাংশ অ্যালকহল যুক্ত এই ওষুধ মূলত ঝাড়খণ্ড থেকে আসত। বেআইনি ভাবে মজুত করা হয়েছে বলে জানান আবগারি দপ্তরের সুপার একলব্য চক্রবর্তী।
বোলপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুরে তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় ওরফে রাজার বাড়িতে প্রায় ১ ঘন্টা তল্লাশি চালায় আবগারি দপ্তর ও ড্রাগস কন্ট্রোল ব্যুরো। যৌথ অভিযান চালিয়ে প্রায় ৯০৫ লিটার অ্যারোমেটিক কার্ডামম টিনচার উদ্ধার করে৷ বেআইনি ভাবে ৮০ শতাংশ অ্যালকহল যুক্ত এই ওষুধ মজুত করা হয়েছিল৷

আবগারি দপ্তরের বীরভূম জেলার সুপার একলব্য চক্রবর্তী জানান, বেআইনি ভাবে মজুত করে এই ওষুধ মূলত মাদক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়৷ খবর পেয়ে এদিন তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বেআইনি অ্যালকহল৷ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে পাচার হত এই ওষুধ। এই বিষয়ে একটি মামলা রুজু করে তদন্ত করা হবে বলে জানান আবগারি দফতরের সুপার৷
আবগারি দপ্তরের সুপার একলব্য চক্রবর্তী বলেন, “এই ওষুধ মানুষের উপশম হিসাবে ব্যবহার করা উচিত। কিন্তু এখানে নেশার দ্রব্য হিসাব ব্যবহৃত হচ্ছে। এতে সমাজের ক্ষতি হচ্ছে। সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে। আমরা গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনে হানা দিয়েছিলাম। বাজেয়াপ্ত ওষুধগুলি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল। এর সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেফতার করা হবে। এখন তদন্ত চলছে”।
অভিযুক্ত পুষ্পেন্দু রায় বলেন, “আমার বৈধ কাগজপত্র রয়েছে। যারা ওষুধ উদ্ধার করেছে তারা তদন্ত করে দেখুক। আমাকে ডাকলে সব রকম সাহায্য করব”।

