আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা , ১২ সেপ্টেম্বর: উত্তর ২৪ পরগনার কামারহাটিতে বিটি রোডের উপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির ভেতর থেকে ওই লরির চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যপক উত্তেজনার সৃষ্টি হল। জানাগেছে, মৃত লরি চালকের নাম মহম্মদ আসিফ আলী (২৫)। শনিবার সকালে ওই লরির ভেতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার করে খড়দহ থানার পুলিশ।
অন্যান্য দিনের মতো শনিবারও কামারহাটি বিটি রোডের পাশে মহম্মদ আজাদের পণ্যবাহী লরিটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। ওই লরির ভেতরে ঘুমোতেন স্থানীয় বাসিন্দা ওই লরির চালক মহম্মদ আসিফ আলী। শুক্রবার রাতেও তিনি ওই গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। সকালে যখন লরির মালিক মহম্মদ আজাদ গাড়ির চালককে ডাকাডাকি শুরু করে, তখন আসিফ আলীর সাড়া শব্দ পায় না গাড়ির মালিক। অন্য গাড়ির উপরে উঠে মহম্মদ আজাদ দেখেন, তার গাড়ির ভেতরে চালকের আসনের পাশে মৃত অবস্থায় পড়ে আছে মহম্মদ আসিফ আলীর মৃতদেহ। গলায় রুমাল বাঁধা ছিল বলে তিনি দেখতে পান। এই ঘটনায় স্থানীয়দের প্রাথমিক অনুমান ওই লরির চালককে কেউ রাতে শ্বাসরোধ করে খুন করে থাকতে পারে। তবে ওই লরির ভেতরে কোনও খালাসি ছিল না বলে জানাগেছে।

খড়দহ থানার পুলিশ এই ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, তবে এখনো এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। খড়দহ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই লরি চালকের গলায় রুমাল বাঁধা ছিল বলে লরির মালিক মহম্মদ আজাদ তদন্তকারী পুলিশ অফিসারদের জানিয়েছেন। পুলিশের প্রাথমিক ধারনা ওই লরি চালককে কেউ খুন করে থাকতে পারে। খড়দহ থানার পুলিশ ওই লরি চালকের মৃতদেহ উদ্ধার করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কামারহাটি এলাকায়।

