জয় লাহা, দুর্গাপুর, ১৫ নভেম্বর: চালককে খুন করে ম্যাঙ্গানিজ সিলিকন বোঝাই ট্রাক ছিনতাই। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল ৪ দুষ্কৃতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বরে।
পুলিশ সুত্রে জানাগেছে, ধৃতদের নাম বিশাল বালা কাঁকসার গোপালপুরের বাসিন্দা। মহম্মদ আজাদ, ইমতেহাজ খান দুর্গাপুর নঈমনগরের বাসিন্দা। এবং মন্টু যাদব, ঝাড়খণ্ড ধানবাদের বাসিন্দা।
ঘটনায় জানাগেছে, গত ১৫ অক্টোবর পান্ডবেশ্বরে টুমনি নদীর কাছে একটি অজ্ঞাত পরিচয় গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী খুনের মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার হওয়ায় তার ছবি বিভিন্ন থানায় পাঠিয়ে দেয় পুলিশ। ওই ছবি দেখে ২৬ অক্টোবর হরিয়ানা থেকে মৃতদেহ শনাক্ত করতে আসে একটি পরিবার। এবং জানা যায়, মৃত ব্যাক্তি লরি চালক তথা লরির মালিক ধর্মেন্দ্র। ওই পরিবারের কাছে লরির বিস্তারিত অর্থাৎ জিপিএস নং নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

এদিকে আসানসোল সাউথ থানা এলাকায় তার ছিনতাই হওয়া লরিটি উদ্ধার হয়। ওই লরির সঙ্গে জিপিএসের মিল রয়েছে। জিপিএসের সুত্র ধরে পুলিশ তদন্তে এগিয়ে যায়। তাতে পুলিশ জানতে পারে ধর্মেন্দ্রর আলিপুরদুয়ারের জয়গাঁও থেকে ফেরো সিলিকা বোঝাই ট্রাকটি নিয়ে খড়্গপুর যাচ্ছিল ৬০নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে। বীরভূমের দুবরাজপুরে শেষবার কথা হয়েছে ধর্মেন্দ্রেরের সঙ্গে তার পরিবারের।
পুলিশ সুত্রে জানা গেছে, সিলিকন বোঝাই লরিটি ছিনতাই করে দুষ্কৃতীরা। তারা চালক তথা মালিক ধর্মেন্দ্রকে ধারাল অস্ত্র দিয়ে খুন করে পান্ডবেশ্বরের টুমনি ব্রিজের কাছে ফেলে দেয়। জিপিএসের সুত্র অনুযায়ী তারপর লরিটি নিয়ে কুমারডুবি চলে যায়
দুষ্কৃতীরা। সেখানে সিলিকন হাত বদল করে লরিটি আসানসোল সাউথ থানার ঘাগরবুড়ি মন্দিরের কাছে ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
এদিকে ঘটনা তদন্তে পুলিশ কাঁকসার গোপালপুরে একটি গোডাউন থেকে চুরি যাওয়া সিলিকন উদ্ধার করে। জানাগেছে, ওই গোডাউন ধৃত বিশাল বালার। যেখান থেকে বিভিন্ন কারখানা এমনকি ভিন রাজ্যেও ওই ধাতব পদার্থ যা লোহা গলাতে কাজে লাগে তা পাচার হত। তদন্তে নেমে পুলিশ ঝাড়খন্ড থেকে মন্টু যাদব, বিকাশ বালা, ইমতিয়াজ খান ও মহঃ আজাদ নামে চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে। সোমবার ওই চারজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয়।
পুলিশ জানিয়েছে, “গোটা ঘটনার তদন্ত চলছে। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।”

